ধর্ষণবিরোধী ভার্চুয়াল আলোচনাসভা

ধর্ষণ রুখতে প্রয়োজন সামাজিক প্রতিরোধ ও মানবিক জাগরণ

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০০:১৩

ধর্ষণ নামক মহামারির হাত থেকে রক্ষা পেতে সামাজিক প্রতিরোধ ও মানবিক জাগরণের আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন জনলোক। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত ধর্ষণবিরোধী এক ভার্চুয়াল আলোচনাসভা থেকে এ আহ্বান জানানো হয়।

প্রধান আলোচক শাওন মাহমুদ বলেন, ধর্ষণ প্রতিরোধে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে। আমাদের পরিবার, সমাজ ও শিক্ষায় ব্যাপক পরিবর্তন এনে শিশুদের সেক্সুয়াল বিষয়ে সচেতন করে তুলতে হবে।

সভায় আলোচকরা বলেন, ধর্ষণ নামক মহামারির হাত থেকে রক্ষা পেতে আইন প্রয়োগ ও কার্যকর প্রয়োগের পাশাপাশি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পালটাতে হবে। ব্যাপক সামাজিক অবক্ষয় থেকে রক্ষা পেতে নৈতিকতার পরিবর্তন আনতে হবে। তারা বলেন, কেবল আইন বা ধর্মীয় অনুশাসন নয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানবিক জাগরণের মধ্যদিয়ে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এ অবস্থা থেকে উত্তরণ হতে হবে।

জনলোকের কেন্দ্রীয় সমন্বয়ক সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মুক্তার হোসেন নাহিদ। ফওজিয়া নাজনীন মুন্নির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়, চিকিত্সক খালেদা ইয়াসমিন নিঝু।