ব্যতিক্রমী ক্লাসিকোয় অচেনা আবহ

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২০:৩৫

স্পোর্টস ডেস্ক

এল ক্লাসিকো, স্প্যানিশ ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথ মানেই তুমুল হর্ষধ্বনি, দুয়ো, মাঠের আর কথার লড়াই মিলিয়ে যুদ্ধ যুদ্ধ সাজ। কিন্তু আজ রাতে দুই দল মর্যাদার এ লড়াইয়ে নামছে সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে।

করোনার কারণে দর্শক নেই। ইতিহাসেই প্রথমবারের মতো দর্শকশূন্য গ্যালারির সামনে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা।

এমনকি এবার নেই মাঠের বাইরের কথার লড়াইও! দুই দলের কেউই অবশ্য সেরকম পরিস্থিতিতে নেই। কোচ জিনেদিন জিদানের রিয়াল মৌসুমের শুরুর চার ম্যাচের তিনটিতে জিতে দারুণ সূচনা  করলেও ক্লাসিকোর ঠিক আগেই যেন খেই হারিয়েছে।

লা লিগায় নবাগত কাদিজের কাছে হারের পর শাখটার ডনেটস্কের কাছে হেরেছে চ্যাম্পিয়ন্স লিগেও, দুটোই আবার নিজেদের মাঠে। এমন ফর্মের পর আর যাই হোক, কথার লড়াই চলে না।

ইতিহাসও কথা বলছে রিয়ালের বিপক্ষে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় শেষ এক যুগে রিয়ালের জয় মোটে একটি।

কোচ কার্লো অ্যানচেলত্তির রিয়াল ২০১৪-১৫ মৌসুমের প্রথম সাক্ষাতে বার্সেলোনাকে ন্যু ক্যাম্পে ৩-১ ব্যবধানে হারিয়েছিল। তবে বার্সেলোনার মাঠে মৌসুমের প্রথম ক্লাসিকোয় সর্বশেষ জয়টা এসেছে ১৩ বছর আগে। ২০০৭ সালের ডিসেম্বরে সেবার কাতালানদেরকে রিয়াল হারিয়েছিল হুলিও ব্যাপতিস্তার একমাত্র গোলে।

সবকিছু মিলিয়ে রিয়ালের পিঠ ঠেকে আছে দেওয়ালে। কোচ জিদান তাই ভাবছেন নিজেদের অবস্থার পরিবর্তন নিয়েই। ক্লাসিকো নিয়ে রিয়াল কোচের ভাষ্য, ‘এল ক্লাসিকো পরিস্থিতি বদলে দেওয়ার জন্যে দারুণ একটা মঞ্চ। আমরা সেটাই কাজে লাগাতে চাই।’

এদিকে হাঁটুর চোট কাটিয়ে ফিরবেন অধিনায়ক সার্জিও রামোসও, জানিয়েছেন জিদান। মহারণের আগে অধিনায়কের ফেরাটা বিরুদ্ধ পরিস্থিতিতে রিয়ালকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বৈকি!

বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানের জন্য এটা প্রথম এল ক্লাসিকো। সব মিলিয়ে চাপ আছে। তবে সামলে নেয়ার কৌশলও জানেন বার্সেলোনারই একসময়ের খেলোয়াড় ডাচ এই কোচ। তিনি বলেন, ‘সবার জন্যেই এটা ভিন্ন এক ম্যাচ। এখানে সবসময়ই বাড়তি চাপ আছে। আমি ফুটবলে অনেক বছর ধরে আছি, এ ধরণের চাপে আমি অভ্যস্ত।’

বার্সা শিবিরেও আছে অশান্তির আঁচ। মাঠে কিছুটা রংহীন তো বটেই, কোন্দল আছে মাঠের বাইরেও। গত বৃহস্পতিবারই যেমন এক সাক্ষাত্কারে ডিফেন্ডার জেরার্ড পিকে একহাত নিয়েছেন সভাপতি হোসে মারিয়া বার্তোমিউকে।

বর্তমান কর্তাব্যক্তিদের সঙ্গে কোন্দলের কারণেই তো অধিনায়ক লিওনেল মেসি ক্লাবই ছেড়ে যেতে চাইছিলেন মাসখানেক আগে! সবমিলিয়ে এসবকে পাশে সরিয়ে রেখেই সময় এখন রিয়ালের মুখোমুখি হওয়ার। তবে দুই দলের সাম্প্রতিক পরিস্থিতি ধ্রুপদী এল ক্লাসিকোর আভাস দিচ্ছে কমই।

সাম্প্রতিক ফর্ম

রিয়াল মাদ্রিদ             হার     হার     জয়     জয়     জয়

বার্সেলোনা                জয়      হার      ড্র      জয়    জয়

এল ক্লাসিকোয়

                              ম্যাচ        জয়      হার     ড্র

রিয়াল মাদ্রিদ             ২৭৮       ১০০    ১১৫   ৬২

বার্সেলোনা                ২৭৮       ১১৫    ১০০   ৬২

সবচেয়ে বড় জয়

রিয়াল মাদ্রিদ             ১১-১      ১৯৪৩

বার্সেলোনা                ৭-২        ১৯৫০

সর্বোচ্চ গোলদাতা

রিয়াল মাদ্রিদ             আলফ্রেদো দি স্তেফানো ও

                              ক্রিশ্চিয়ানো রোনালদো (১৮টি)

বার্সেলোনা                লিওনেল মেসি (২৬টি)

টানা জয়

রিয়াল মাদ্রিদ             ৭টি (১৯৬২-৬৫)

বার্সেলোনা                ৫টি (২০০৮-১০)