স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়ের ক্রিকেট মহলে করোনা ভাইরাস হানা দিয়েছে। আক্রান্ত হয়েছেন দুই ক্রিকেটার ও দুই সাপোর্টিং স্টাফ। ক্রিকেটার দুই জন হলেন, উইকেটরক্ষক-ব্যাটসম্যান রেজিস চাকাভা ও টপ অর্ডার ব্যাটসম্যান তিমাইসেন মারুমা।
দুই জনই পাকিস্তান সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির জন্য জিম্বাবুয়ের ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন। তবে এই সপ্তাহে পাকিস্তানে আসা ২০ জনের চূড়ান্ত দল থেকে বাদ পড়েন তারা। মূল দল এরই মধ্যে চলে এসেছে পাকিস্তান সফরে।
হারারেতে জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমিতে জৈব সুরক্ষা বলয়ে দুই জন ছিলেন একই রুমে। দুই জনের পজিটিভ ফল আসার পর তাদের সংস্পর্শে আসা অন্যদেরও পরীক্ষা করানো হয়। সেখানে পজিটিভ হন ঐ দুই সাপোর্ট স্টাফ। তাদের চার জনকেই এখন আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
জিম্বাবুয়ে দল আগামী ৩০ অক্টোবর থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু করবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। এরপর ৭ নভেম্বর থেকে লাহোরে শুরু হবে তিন টি-টোয়েন্টির সিরিজ।
