বন্দরের মদনপুরে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবকের মৃত্যুর ঘটনায় ওসি আজহারুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার এ নির্দেশ দেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন জানান, বন্দরের সংঘর্ষের ঘটনায় তাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে থানার ওসি আজহারুল ইসলামকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে। গত শনিবার রাতের ওই সংঘর্ষের ঘটনায় আহত বন্দর থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩শ’ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলাটি রুজু করেন। পুলিশের দাবি, মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করার পর আসামিপক্ষের লোকজন তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষে নিহত যুবক আশিকুর রহমানের (২৫) লাশ গতকাল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
