শিল্পকলায় নাচ গান কবিতায় শরত্ বন্দনা

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

করোনাকাল কাটিয়ে শিল্পকলার দুয়ার খোলার দিনে বসেছিল শরত্ উত্সব। নাচে-গানে শরেক বিদায় জানালেন শিল্পীরা। লকডাউনের জন্য শরেক স্বাগত জানানোর কোনো আনুষ্ঠানিকতা করা সম্ভব না হওয়ায় এই সময়ে এসে বসেছিল এ উত্সব। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজন করে এ উত্সবের। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা পর্বের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। ঋতু বন্দনাভিত্তিক এ আলোচনায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য দেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সহসভাপতি অধ্যাপক ড. নিগার চৌধুরী।

এসরাজের মোহনীয় সুরে সূচনা হয় শরত্ উত্সবের। পরিবেশনাটি উপস্থাপন করেন অসিত বিশ্বাস। এরপর আলোচনা পর্ব শেষে ছিল সম্মেলক ও একক সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। সত্যেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গেয়ে শোনান—‘তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে/তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ-কালিমা ঘুচায়ে ...।’ এ দলের গাওয়া দ্বিতীয় গানের শিরোনাম ছিল ‘দেখো দেখো শুকতারা আঁখি মেলি চায়’। ঋষিজ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গেয়ে শোনান—‘আজি বাংলাদেশের হূদয় হতে কখন আপনি’ ও ‘একী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী’। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে স্ব-ভূমি লেখক শিল্পীকেন্দ্র। গেয়ে শোনায় ‘শত স্বপ্নের দেশ আছে পৃথিবী জোড়া মানচিত্রে’ ও ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’। সমস্বরের শিল্পীরা গেয়ে শোনান—‘তোমার মোহন রূপে কে রয় ভুলে’ ও ‘আমরা এমনি এসে ভেসে যাই’। সম্মেলক গানের পাশাপাশি একক সংগীত পরিবেশন করেন এস এম মেজবাহ, নবনীতা জাইদ চৌধুরী, শ্রাবণী গুহ রায় ও রত্না সরকার। দ্বৈত সংগীত পরিবেশন করেন ফারিয়ান নওশীন স্নেহা ও তাসনিম চৌধুরী প্রমা।

কবিতা আবৃত্তি করেন নায়লা তারান্নুম চৌধুরী কাকলি ও ইকবাল খোরশেদ জাফর। দলীয় আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র। ‘আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়’ গানের আশ্রয়ে দলীয় নাচ করে নৃত্যাক্ষর নৃত্যশিল্পীরা। পরিবেশনাটির পরিচালনায় ছিলেন সালমা মুন্নী।