বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের প্রায় ১০০ বছরের ইতিহাসে এবার নতুন একটি ঘটনা ঘটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সাময়িকীর ওপরের দিকে মাঝ বরাবর বহু পরিচিত ‘টাইম’ শীর্ষক যে লোগোটি পাঠকরা দেখতে পান, সেটি আগামী সংখ্যায় থাকছে না। তার পরিবর্তে টাইমের লোগোর আদলেই লেখা থাকবে ‘ভোট’। যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন দেশটির সাধারণ জনগণ ছাড়াও গণমাধ্যমও কেমন আবেগের জোয়ারে ভাসছে তা টাইমের এই অভিনব উদ্যোগ থেকেই পরিষ্কার হয়ে উঠেছে। সংখ্যাটি পাঠকদের জন্য বাজারে ছাড়া হবে আগামী ২ নভেম্বর, ভোটের ঠিক আগের দিন।
বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচন যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্ব রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা টাইমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। টাইমের এডিটর-ইন-চিফ এবং সিইও এডওয়ার্ড ফেলসেনথাল পাঠকদের উদ্দেশে বলেছেন, করোনা পরবর্তী বিশ্বকে পুনরুজ্জীবিত করতে যে সামান্য কয়েকটি বিষয় এই ধরণীর জন্য অতিগুরুত্বপূর্ণ, তার মধ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল একটি।
টাইম তার বিখ্যাত লোগোটি সাময়িকভাবে পরিবর্তনের মাধ্যমে দেশটির ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে। করোনা পরবর্তী বিশ্ব পুনর্নির্মাণে সঠিক প্রেসিডেন্ট বাছাই করা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর চেষ্টা করেছে। ১৯২৩ সালে প্রকাশিত এই ম্যাগাজিনটির কর্তৃপক্ষ এ ব্যাপারে যথেষ্ট সফল হয়েছে বলা যায়। কারণ সিএনএন, বিবিসি, নিউইয়র্ক টাইমসসহ যুক্তরাষ্ট্র ও বাকি বিশ্বের বিখ্যাত সব গণমাধ্যমে টাইমের এই লোগো পরিবর্তনের খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।
প্রধান দুটি রাজনৈতিক দলের নীল এবং লাল রঙের থিম বজায় রেখে আঁকা এই শিল্পকর্মটি (লোগো) ডিজাইন করেছেন প্রখ্যাত আর্টিস্ট শেপার্ড ফ্যারি। তিনি ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বারাক ওবামার ‘হোপ’ শিরোনামের পোস্টারটি তৈরি করে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন।
