এফবিসিসিআই সভাপতির সঙ্গে ভারতীয়
হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত্
ম ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করায় গুরুত্ব দিয়েছেন ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত বিক্রম কে দোরাইস্বামী। খাদ্য উত্পাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য তুলে ধরে তিনি বলেন, দুই দেশের মধ্যে প্রধান রাজনৈতিক সমস্যা সমাধান হয়েছে। এই সম্পর্ককে আরো দৃঢ় করতে উভয় দেশের অর্থনৈতিক সহযোগিতা আরো এগিয়ে যেতে পারে।
গতকাল মতিঝিলে ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশাবাদের কথা জানান। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ছাড়াও এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় এফবিসিসিআই সভাপতি দেশের বিদ্যমান অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি ব্যবসায়ের টেকসই উন্নয়নে এফবিসিসিআইয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রমও উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের দুই দেশের মতো ঐতিহ্য এবং মানবতার অবিচ্ছেদ্য সম্পর্ক আর কোনো দেশে নেই। বাণিজ্য সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলায় আমরা নিবিড়ভাবে কাজ করব। বিভিন্ন খাতে উভয় দেশ যৌথভাবে কাজ করতে পারে বলেও জানান তিনি। এ সময় এফবিসিসিআইয়ের সহসভাপতি রেজাউল করিমন রেজনু, ভারতের ডেপুটি হাইকমিশনার বিশ্বদ্বীপ দে, বাণিজ্য কর্মকর্তা প্রমেশ বাসাল প্রমুখ উপস্থিত ছিলেন।
