টিউশন ফি মওকুফের দাবিতে আন্দোলনে মনিপুর স্কুলের অভিভাবকরা

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২২:৩৮

ম ইত্তেফাক রিপোর্ট

শিক্ষার্থীদের বকেয়া বেতন মওকুফের দাবিতে আন্দোলনে নেমেছেন মণিপুর স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকরা। গতকাল শনিবার রূপনগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।

অভিভাবকরা জানান, ‘করোনায় অনেক অভিভাবক আর্থিক সংকটে রয়েছেন। অনেকে সন্তানের টিউশন-পরীক্ষার ফি পরিশোধ করতে পারছেন না। অথচ স্কুল কর্তৃপক্ষ নানা অজুহাতে বকেয়া পরিশোধের জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে। বকেয়া পরিশোধ করতে না পারলে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে তোলা হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে। তাই ৫০ শতাংশ বকেয়া ছাড় দিয়ে সুবিধামতো টিউশন ফি পরিশোধের দাবিতে রাস্তায় নেমেছি।’

হান্নান তালুকদার নামে এক অভিভাবক বলেন, টিউশন ফি আদায়ের জন্য বিভিন্ন সময় অনলাইনে পরীক্ষার আয়োজন করে স্কুলটি। টিউশন ফি পরিশোধের জন্য অনলাইনে ক্লাসেই শিক্ষার্থীদের নানাভাবে কটূক্তি করে। এছাড়া টিউশন ফি পরিশোধ না করলে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে না বলে স্কুলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অভিভাবকরা বলেন, তাই মণিপুর স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি ব্র্যাঞ্চের ৪০ হাজার শিক্ষার্থীর অভিভাবক আন্দোলনে নামতে একমত হয়েছে। দাবি না মানা হলে আজ রবিবার মণিপুরের সব ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করা হবে।