স্পোর্টস ডেস্ক
আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য গত শুক্রবার রাতে দল ঘোষণা করেছে ব্রাজিল। চোট কাটিয়ে দলে ফিরেছেন এলিসন বেকার ও গ্যাব্রিয়েল জেসাস। রিয়াল মাদ্রিদে ভালো ফর্মে থাকার সুবাদে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়রও।
আগামী ১৪ নভেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে ব্রাজিল। এর তিন দিন পর উরুগুয়েতে নিজেদের চতুর্থ ম্যাচটি খেলবেন নেইমাররা। বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে বলিভিয়া ও পেরুর বিপক্ষে দারুণ দুই জয় পায় তিতের শিষ্যরা।
ম্যাচ দুটোর দলে থাকলেও যথাক্রমে হ্যামস্ট্রিং ও কাঁধের চোটের কারণে ছিটকে যান জেসাস ও এলিসন। দুজনে চোট কাটিয়ে এখনো মাঠে না ফিরলেও অনুশীলনে যোগ দিয়েছেন। সেরে যাবেন ব্রাজিলের পরের দুই ম্যাচের আগেই। যে কারণে দুজনকেই দলে রেখেছেন কোচ তিতে। দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস। ক্লাবের হয়ে সাতিক ফর্মই তাকে ফিরিয়েছে দলে। কোচ তিতে বলেন, ‘তরুণ খেলোয়াড়দের জন্য ক্লাবে কেমন প্রক্রিয়ায় আছে, কেমন পরিপক্বতা দেখাচ্ছে সেটা নির্ভর করে। তাদের সেরা মুহূর্ত, আত্মবিশ্বাসও অনেক বড় এক ব্যাপার। এজন্য কখনো ভিনিসিয়াস, কখনো রদ্রিগো, কখনোবা ব্রুনো গিমারেসকে ডাকি।’
ব্রাজিল দল:
গোলরক্ষক:এলিসন (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)
ডিফেন্ডার:দানিলো (জুভেন্তাস), আলেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি), রদ্রিগো কাইয়ো (ফ্লামেঙ্গো)
মিডফিল্ডার:ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনহো (লিভারপুল), ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), ফেলিপে কোটিনহো (বার্সেলোনা), আর্থার (জুভেন্তাস)
ফরোয়ার্ড:নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল জেসাস (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন)।
