স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং কারখানায় বৃহস্পতিবার রাতে লোহা গলানোর পাত্র বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চার শ্রমিকের মৃত্যু হলো। দগ্ধ আরো দুই শ্রমিককে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শাকিল (২০) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে এবং আবু সিদ্দিক (৩০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকার টিপু শেখের ছেলে। গলিত লোহার আগুনে তাদের দুই জনের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে এ ঘটনায় মিজানুর রহমান (৪২) ও ফাহিম (২৫) নামের দুই শ্রমিক মারা যান।
এ ঘটনায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ীর বাউরা এলাকার সুন্দর আলীর ছেলে রফিক মিয়া (৪৫) এবং রহমতপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মো. রাজু (৪০) দগ্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন আছেন। এদের মধ্যে রাজুর শরীরের শতভাগ ও রফিকের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং কারখানায় শ্রমিকেরা কাজ করার সময় লোহা গলানোর পাত্র (ভাট্টি) বিস্ফোরিত হয়ে ছয় শ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকেরা কারখানাটির ফার্নিশ বিভাগের অপারেটর ছিলেন।
এ ঘটনায় শনিবার দুপুর ১টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, স্বজনদের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেনি। হতাহতরা কেউই এখানকার বাসিন্দা নয়। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা সরাসরি ঢাকা মেডিক্যালে চলে যান। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
