ইত্তেফাক রিপোর্ট
সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, নিয়োগবিধি সংশোধন ও সহকারী শিক্ষক নিয়োগসহ ১০ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নামতে যাচ্ছেন। গতকাল শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটির ‘সাগর-রুনি’ মিলনায়তনে সংবাদ সম্মেলনে আন্দোলনের ঘোষণা দেন শিক্ষকরা। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রাপ্য টাইমস্কেল প্রদানসংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২০২০ সালের ১৪১ নম্বর পত্র প্রত্যাহারের দাবি জানানো হয়। শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, বর্তমানে প্রধান শিক্ষকদের যোগ্যতা ও দায়িত্বের কথা বিবেচনা করে তাদের ৮ম গ্রেডে উন্নীত করা, সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টিসহ ৯ম গ্রেডে বেতনস্কেল নির্ধারণ করা, স্নাতক/স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতার পরিপ্রেক্ষিতে সহকারী শিক্ষকদের বেতনস্কেল বর্তমান বেতনস্কেলের ১০ম গ্রেডে উন্নীত করা। এছাড়া চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা, সমন্বিত নিয়োগ বিধিতে শুধু সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদান করে উক্ত পদ থেকে প্রাথমিক শিক্ষা প্রশাসনের সর্বোচ্চপদ পর্যন্ত শর্তহীনভাবে পদোন্নতির মাধ্যমে পূরণ, অবিলম্বে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা কার্যকরের দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি ওয়েছ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে মূল বক্তব্য পাঠ করেন সমিতির মহাসম্পাদক মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। সংবাদ সম্মেলনে সমিতির নির্বাহী সভাপতি মো. জাহিদুর রহমান বিশ্বাস, সিনিয়র সহসভাপতি মোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম মহাসম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
