করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহের জন্য দ্রুত কমপক্ষে ৫০ কোটি ডলার (৪ হাজার ২৫০ কোটি টাকা) ঋণ মঞ্জুরের জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, বিশ্বব্যাংকের আইডা (আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) তালিকায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় বৃহত্ জনসংখ্যার দেশ। তাই জনসংখ্যা ও ন্যায্যতার ভিত্তিতে ভ্যাকসিন পেতে দ্রুত ঋণ মঞ্জুরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বিশ্বব্যাংকের প্রতি অহ্বান জানান তিনি।
বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার অংশ হিসেবে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ও বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফারের নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অর্থমন্ত্রী এ আহ্বান জানান। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী করোনার টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে দেশের সব জনগণের জন্য টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। এজন্য চলতি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের প্রতিশ্রুতির অতিরিক্ত ৫০ কোটি ডলারের সহায়তা প্রদানের অনুরোধ জানান তিনি। আবিষ্কারের সঙ্গে সঙ্গে করোনার টিকা সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের কাজে ব্যবহারের উদ্দশ্যে এই অর্থ চায় বাংলাদেশ।
