সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে আমরণ অনশনে বসেছেন পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের(৩৪) মা সালমা বেগম।
এস আই আকবর হোসেন ভুঞাসহ হত্যার সাথে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার সকাল ১১ টা থেকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি অনশনে বসেন।
অনশনস্থলে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের ফেস্টুন প্রদর্শন করা হচ্ছে। অনশনরত রায়হানের পরিবারের সদস্যদের মাথায় কাফনের কাপড় (সাদা কাপড়) বাঁধা রয়েছে।
রায়হানের মা সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হতে চললেও মূল অভিযুক্ত আকবরকে এখনো গ্রেফতার করা হয়নি। সে কোথায় আছে-তাও এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় সম্পৃক্ততায় বন্দরবাজার ফাঁড়ি থেকে আকবরসহ ৭ জনকে বরখাস্ত ও প্রত্যাহার করা হলেও তাদেরকে গ্রেফতার দেখানো হয়নি। এদের মধ্যে কেবল কনস্টেবল টিটু ও হারুনকে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি জানান, এসএমপির পুলিশ লাইন্সে থাকা আসামিসহ এস আই আকবরকে গ্রেফতার না করা পর্যন্ত তাদের অনশন চলবে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর (রবিবার) ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। এ ঘটনায় ওই ফাঁড়ি ইনচার্জসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। মামলাটি এখন তদন্ত করছে পিবিআই। পিবিআই জানায়, তারা এসআই আকবরকে গ্রেফতার চেষ্টায় আছে।
ইত্তেফাক/এমআরএম
