বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:২৩

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর। মধুখালী (ফরিদপুর) : ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে শনিবার গভীর রাতে চুয়াডাঙ্গাগামী মাইক্রোবাস এবং ফরিদপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—মুন্সি মোশারফ হোসেন (৮০) ও মোমেনা খাতুন (৫০)। নিহত দুই জন একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় আহত হয়েছেন চার জন। করিমপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. শাহজাহান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় ফারজানা আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  রবিবার উপজেলার দরিল্লায় এ দুর্ঘটনা ঘটে। ফারজানা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের উজ্জ্বল ইসলামের মেয়ে। নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) আবুল হাসেম জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কালিহাতী (টাঙ্গাইল) :কালিহাতীর চরভাবলা এলাকায় শনিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুভাষ পাল (৪২)। তিনি উপজেলার বিলপালিমা গ্রামের গিরেন পালের ছেলে।