রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রৌমারী সীমান্ত দিয়ে পাচার হচ্ছে ধানবীজ। গত শুক্র ও শনিবার রাতের আঁধারে চোরাকারবারিরা আগামী বোরো মৌসুমের বিভিন্ন জাতের বোরো ধানবীজ বাংলাদেশ সীমান্তে উপজেলার সদর ইউনিয়নের নওদাপাড়া ও ভারতের মানকারচর থানার জোড়ডাঙ্গা সীমান্ত ১০৬৩-৬৪ নং মেইন পিলার দিয়ে পাচারকালে দুই কেজি ওজনের ৭০টি প্যাকেট উদ্ধার করে এলাকাবাসী। পরে বিজিবিকে খবর দিলে ঐ ধানজীব আটক করে রৌমারী শুল্ক গুদামে জমা দেয়।
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, পাচারের বিষয়টি জানা নেই। তবে বীজ পাচার রোধে শিগিগরই তদারকিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জামালপুর ৩৫ (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ বলেন, চোরাকারবারীরা ধানবীজ পাচারকালে এলাকাবাসী সেগুলো আটক করেন। পরে টহলরত বিজিবি সদস্যকে খবর দিলে সেগুলো উদ্ধার করে রৌমারী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। তবে ঐ সময় কাউকে আটক করা যায়নি। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
