বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
বাগমারায় বন্যার পানি নেমে গেলেও নিম্নচাপের কারণে গত তিন দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৫-২০ দিনের ব্যাবধানে বন্যাকবলিত এলাকার মানুষ বাড়ি ফিরতে পারলেও বৃষ্টির কারণে দুর্ভোগ বেড়েছে। অনেকের ঘরবাড়ি ভেঙে পড়ায় প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এদিকে যেসব এলাকায় রবি মৌসুমের পেঁয়াজ, মুলা, মরিচ ও শাকসবজি ছিল তা বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার তেলিপুকুর গ্রামের কৃষক আসাদুল জানান, অতিরিক্ত বৃষ্টিতে তার চাষ করা পাঁচ মণ পেঁয়াজ বীজের ক্ষতি হয়েছে। বৃষ্টি না থামলে এতে তার সব মিলে ১ লাখ টাকার ক্ষতি হবে।
