লেগ স্পিনারদের নৈপুণ্যে সন্তুষ্ট নান্নু

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০০:২৫

স্পোর্টস রিপোর্টার

লেগ স্পিনারদের গড়ে তোলার পরিকল্পনায় কাজ করছে জাতীয় দলের নির্বাচক কমিটি। বিসিবি প্রেসিডেন্টস কাপেও তিনটি দলে একজন করে লেগ স্পিনারকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। টুর্নামেন্ট শুরুর আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, প্রতি ম্যাচেই লেগ স্পিনারদের বোলিংয়ের সুযোগ পাবেন।

আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ হোসেন ও মিনহাজুল আবেদীন আফ্রিদির জন্য এই টুর্নামেন্ট ছিল নিজেদের চেনানোর মঞ্চ। হাতে ব্যথা পেয়ে এক ম্যাচ পরই ছিটকে পড়েন তামিম একাদশে থাকা আফ্রিদি। ১ ওভার বোলিংয়ে ৫ রান দিয়েই শেষ হয় তার অংশগ্রহণ। মাহমুদউল্লাহ একাদশে থাকা বিপ্লব দুই ম্যাচ খেলতে পারেননি পেশিতে টান পড়ায়। গতকাল ফাইনালে অবশ্য খেলেছেন তিনি।

তিন ম্যাচে বিপ্লবের ঝুলিতে ৩ উইকেট। বোলিং করেছেন ১৩.১ ওভার। তুলনামূলকভাবে সবচেয়ে ভালো করেছেন রিশাদ হোসেন। লিগ পর্বে চার ম্যাচই খেলেছেন তিনি। ফাইনালের আগ পর্যন্ত ২৩ ওভার বোলিং করেছেন। নিয়েছেন ৪ উইকেট। দুর্দান্ত ফিল্ডিংও করেছেন রিশাদ। সার্বিকভাবে এই টুর্নামেন্টে তরুণ লেগ স্পিনারদের পারফরম্যান্সে তুষ্ট প্রধান নির্বাচক। লেগিদের নিয়ে পরিকল্পনা সঠিক পথেই আছে বলে দাবি নান্নুর। গতকাল তিনি বলেছেন, ‘অবশ্যই সফল হয়েছে। ওরা বোলিং করতে পেরেছে। আফ্রিদি দুর্ভাগ্যজনক ইনজুরিতে পড়ে গেছে। বিপ্লবেরও ইনজুরি ছিল। রিশাদ প্রায় ২৫ ওভার বোলিং করেছে। বোলিংয়ের অভ্যাসটা তৈরি হয়েছে।’

প্রধান নির্বাচক আরো বলেন, ‘আপনার পরিকল্পনা পুরো সফল হবে না হয়তো। এটা ভালো যে ওরা এমন টপ ক্রিকেটারদের টুর্নামেন্টে বোলিং করেছে। প্রতিযোগিতামূলক ম্যাচে বোলিংয়ের সুযোগ পেয়েছে। উইকেটও নিয়েছে। এটা ওদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আপনি সুযোগ না দিলে তো হবে না। সামনে অন্য টুর্নামেন্টেও দেখবেন ওদের সবাই ব্যবহার করবে।’

ইনিংসের মাঝপথে রিশাদ, বিপ্লবকে ব্যবহার করেছেন অধিনায়করা। এমন অবস্থায় বোলিং করতে করতেই বড় মঞ্চের জন্য তৈরি হবেন লেগ স্পিনাররা। গতকাল নান্নু বলেছেন, ‘ওদের আরো সুযোগ দিতে হবে। খেলতে দিয়ে তৈরি করতে হবে।’