পাবনায় মধু সংগ্রহে ৪ হাজার ২০০ মৌবক্স

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৩:২০

পাবনা জেলায় চলছে এখন মধু সংগ্রহ। মৌচাষিরা দেশের বিভিন্ন জেলা থেকে পাবনায় এসে আবাদকৃত সরিষা জমির পাশে স্থাপন করছেন তাদের পোষা মাছির মৌবক্স।

 

স্থানীয় কৃষি সম্প্রসারন অধিদফতর বলছে, সরিষা আবাদকৃত জমির পাশে মৌবক্স স্থাপন করলে কৃষিতে একদিকে মৌমাছি সরিষার ফুল থেকে মধু সংগ্রহের ফলে পরাগায়ন বৃদ্ধি পেয়ে সরিষার ফলন বেশি হবে। অন্যদিকে মধু বিক্রিতে অর্থ উপার্জন করা যাবে। এর আগে জেলায় মধু আহরণের কোনো লক্ষ্যমাত্রা না থাকেলেও গত কয়েক বছরে মধু আহরণের জন্য টার্গেট দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

 

সরকারিভাবে চলতি মৌসুমে ৫৮ টন মধু উৎপাদনের টার্গেট রয়েছে। এরই মধ্যে প্রায় ৩০ টন মধু সংগ্রহ করা হয়েছে। পাবনা জেলায় সরিষার আবাদ ভাল হওয়ায় মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে মৌচাষীরা এসে মধু আহরণ করেন। চলতি মৌসুমে পাবনা জেলার ৯টি উপজেলাতে এ পর্যন্ত ৪০ জন মৌবাক্স নিয়ে মধু আহরণ শুরু করেছেন। গত বছরে সরকারিভাবে মধু আহরণের টার্গেট ৬৫ টন থাকলেও উৎপাদন হয়েছিল ৭২ টন।  

আরো পড়ুন : পাবনায় অস্ত্র-গুলিসহ এক যুবক আটক

পাবনা কৃষি অধিদফতরের এক কৃষি কর্মকর্তা জানান, টার্গেট পূরণের জন্য মাঠ পর্যায়ে মৌচাষীদের পরামর্শ দেয়া হচ্ছে। চলতি মৌসুমে ৫ হাজার ৮০০ মৌবাক্স স্থাপনের লক্ষ্য থাকলেও এ পর্যন্ত ৪ হাজার ২০০টি বাক্স স্থাপন করা হয়েছে। 

 

মৌচাষি সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, চলতি মৌসুমে মৌচাষিদের মাধ্যমে ৮০ টন মধু সংগ্রহের সম্ভবনা রয়েছে। তাছাড়া জেলায় শতাধিক ভ্রাম্যমাণ মাওয়ালী বিভিন্ন বাসাবাড়ি, ঝোপ-জঙ্গল ও গাছে নির্মাণকৃত মৌচাক থেকে পর্যাপ্ত পরিমাণ মধু সংগ্রহ করে হাটে-বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছেন।

 

ইত্তেফাক/ইউবি