৯৯৯ নম্বরে ফোন
বিশেষ প্রতিনিধি
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বাড্ডা এলাকা থেকে চুরি হওয়া মিনি ট্রাক সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গতকাল জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল সকাল পৌনে ৯টার দিকে জাকির হোসেন নামে এক ভুক্তভোগী বাড্ডা থেকে ৯৯৯-এ ফোন করেন। তিনি জানান, তার ঢাকা মেট্রো ন-২০-৪৭৮১ নম্বরের মিনি ট্রাকটি ভোররাত ৪টার দিকে চুরি হয়েছে। গাড়িটিতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে, যার মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কাছাকাছি আছে এবং চট্টগ্রামের দিকে অগ্রসর হচ্ছিল। ৯৯৯ তাত্ক্ষণিকভাবে সীতাকুণ্ড থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানিয়ে দেয়। সংবাদ পেয়ে তারা মহাসড়কে অবস্থান নেয়। সকাল পৌনে ১০টায় এসআই মামুন আহমেদ ৯৯৯কে ফোনে জানান, বাড়বকুণ্ডের একটি বেসরকারি ব্যংকের এটিএম বুথের কাছ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। গাড়িতে কাউকে পাওয়া যায়নি।
