সৈকতে গোসলে নেমে শিশুশিক্ষার্থী নিখোঁজ

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২২:১৪

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করার সময় সাগরের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ রয়েছে এক শিশু। রবিবার দুপুর ১টার দিকে শহরের কলাতলী পয়েন্ট সৈকতে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তার হদিস পাননি উদ্ধারকর্মীরা।

নিখোঁজ জাহেদুল ইসলাম (১১) কক্সবাজার পৌরসভার পূর্ব কলাতলীস্থ আদর্শগ্রাম এলাকার সোলতান আহমদ ও সাবেকুন্নাহার দম্পতির সন্তান। সে ঈদগাঁও এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় কোরআনে হেফজ করছিল।

সি-সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান নিখোঁজ শিশুর পরিবারের বরাত দিয়ে জানান, জাহেদুল ইসলামরা তিন বন্ধু মিলে শহরের কলাতলী পয়েন্ট সৈকতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা স্রোতের টানে সাগরে ডুবে যেতে থাকলে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা গিয়ে দুই জনকে উদ্ধার করেন। কিন্তু জাহেদের খোঁজ পাননি। তবে, মায়ের দেওয়া বিবরণ মতে কাপড় পরিহিত জাহেদও ভিড়ের সময় সাগর থেকে উঠে এসেছে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন। এরপরও আমরা তল্লাশি অব্যাহত রেখেছি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ স্থানীয় লাইফগার্ড কর্মীদের নিয়ে সাগরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে শিশুটি গোসলে নেমেছিল কিনা, তা নিয়েও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। এর পরও তল্লাশি চলছে।