ইত্তেফাক ডেস্ক
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আশঙ্কা করেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে তিনি খুন হতে পারেন। এক ইসরাইলি-আমেরিকান ধনকুবের হাইয়েম সাবানের কাছে এই আশঙ্কার কথা জানিয়েছেন ‘এমবিএস’ নামের যুবরাজ বিন সালমান। হারেটজ নিউজের বরাত দিয়ে এই খবর দিয়েছে মিডল ইস্ট আই।
যুবরাজ বলেছেন, ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করেছে। সৌদি আরবও একই কাজ করলে ইরান, কাতার এমনকি তার দেশের নাগরিকরা তাকে হত্যা করতে পারেন। ‘হোয়াইট হাউজে বাইডেন এবং ইসরাইলের নিরাপত্তা সংকট’ শীর্ষক অনলাইন সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন মিডিয়া মুঘল হাইয়েম সাবান। এদিকে ইউএই এবং বাহরাইনের পররাষ্ট্রনীতি সৌদি আরবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চলতি বছরের আগস্টে দেশ দুইটি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একমত হয়। সেপ্টেম্বরে নিজেদের মধ্যকার সম্পর্ক জোরদার করতে হোয়াইট হাউজে উপস্থিত হয়ে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন তারা। ১৫ সেপ্টেম্বরে স্বাক্ষরিত ঐ ‘আব্রাহাম অ্যাকর্ড’-এর আনুষ্ঠানিকতায় অন্যান্যের মধ্যে ব্রুকিংস ইনস্টিটিউটে মধ্যপ্রাচ্য নীতি গবেষণায় গঠিত ‘সাবান সেন্টার’-এর প্রতিষ্ঠাতা হাইয়েম সাবানও উপস্থিত ছিলেন।
শুক্রবার সুদান-ইসরাইলের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সৌদি আরব একমত হতে পারে। তবে চলতি মাসের শুরুতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ জানিয়েছিলেন, ইসরাইল-ফিলিস্তিন সমঝোতা না হওয়া পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব।
