মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর জরুরি অবস্থা জারির প্রস্তাব প্রত্যাখ্যান রাজার

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০০:৩৪

জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ। গতকাল রবিবার রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির প্রয়োজন দেখছেন না রাজা বরং সরকার পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করতে সক্ষম বলে তিনি মনে করেন।

ঐ খবরে বলা হয়েছে, বর্তমানে নেতৃত্বের চ্যালেঞ্জের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সম্প্রতি বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম রাজার সঙ্গে সাক্ষাত্ করে জানান, প্রধানমন্ত্রী হওয়ার জন্য পার্লামেন্টে পর্যাপ্ত সদস্যদের সমর্থন রয়েছে তার। এই রাজনৈতিক অস্থির পরিস্থিতির মধ্যেই দেশে জরুরি অবস্থা জারির জন্য রাজাকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী ইয়াসিন। তিনি চাইছিলেন, জরুরি অবস্থার পাশাপাশি পার্লামেন্ট স্থগিত করতে। যাতে বিরোধীরা পার্লামেন্টে তার নেতৃত্ব চ্যালেঞ্জ না করতে পারে। উল্লেখ্য, মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, একমাত্র রাজাই দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।