চিকিত্সা নিতে প্রাণীদের আর হাসপাতালে যেতে হবে না। দুঃসময়ে তারা অনলাইনেও চিকিত্সা নিতে পারবে। গতকাল সচিবালয় থেকে আদর্শ প্রাণিসেবা লিমিটেডের উদ্যোগে অনলাইন প্রাণিসেবা প্ল্যাটফরম ‘প্রাণিসেবা ভেট’-এর উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় তিনি বলেন, দুঃসময়ে শুধু মানুষের নয়, প্রাণীরও চিকিত্সার প্রয়োজন রয়েছে। এদের কোনো কারণে হাসপাতালে নিতে না পারলেও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আধুনিক চিকিত্সা দেওয়া সম্ভব। তিনি বলেন, ‘অনলাইনে প্রাণি চিকিত্সার এ উদ্যোগ আমরা অনুমোদন দিয়েছি। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশে আরেকটি নতুন অধ্যায়ের শুভসূচনা হলো। ’
আদর্শ প্রাণিসেবা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হকের সভাপতিত্বে অনলাইন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার। অনুষ্ঠানে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নজরুল ইসলাম এবং ভেটেরিনিয়ান ও পরিবেশবিদ ডা. মো. আওলাদ হোসেন বক্তব্য রাখেন।
