প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ‘পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ’ কর্মসুচী বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে ‘প্রাণিস্বাস্থ্য নিশ্চিত করি, লাভবান খামার গড়ি’ প্রতিপাদ্য নিয়ে সম্প্রতি ফেসবুক লাইভ প্রোগ্রামের মাধ্যমে ‘প্রাণিসেবা ভেটে’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন যে, প্রাণির স্বাস্থ্য সুরক্ষায় প্রাণিসেবা ভেট গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। প্রাণিসেবা ভেট বাংলাদেশ সরকারের অনুমোদিত প্রাণিসম্পদের প্রথম এবং একমাত্র বিশেষায়িত টেলিমেডিসিন প্ল্যাটফর্ম। আমি আশা করি, ভার্চুয়াল হাসপাতালটি অবশ্যই দক্ষ ও বিশেষজ্ঞ ভেটেরিনারিয়ানের মাধ্যমে মানসম্মত ও বিশেষায়িত প্রাণিস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে কাজ করবে।
তিনি আরও বলেন, ‘প্রাণিসেবা ভেট দেশের অভ্যন্তরে সম্পূর্ণ একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ যেটি বাংলাদেশে প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় একটি নতুন অধ্যায়ের সুচনা করবে।’ এছাড়াও তিনি প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নকল্পে নিয়োজিত প্রাণিসেবা ভেটসহ আদর্শ প্রাণিসেবাকে সরকারের সকল প্রকার সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি রওনক মাহমুদ, সচিব, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তার বক্তব্যে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাণিস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া খুবই দুরূহ ব্যাপার। অন্যদিকে এই করোনাকালীন সময়ে প্রাণিদের স্বাস্থসেবা নিশ্চিত করা আরও কষ্টসাধ্য হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে প্রাণিসেবা ভেটের মতো প্ল্যাটফর্ম যা কিনা সাধারণ ফোনকলের মাধ্যমে খামারিদের সেবা নিশ্চিত করে, তা যুগপযোপী এবং অবশ্যই প্রশংসার দাবী রাখে। পাশাপাশি তিনি অনলাইন প্রাণিস্বাস্থ্য সেবা প্ল্যাটফর্ম ‘প্রাণিসেবা ভেট - ভার্চুয়াল হাসপাতাল’-এর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ডা. আবদুল জব্বার সিকদার, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, তার বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ খাতে দিন দিন তরুণ প্রজন্মের খামারিরা যুক্ত হচ্ছে। প্রাণিস্বাস্থ্য সেবায় প্রযুক্তির এই ব্যবহার তরুণদের আরও উদ্বুদ্ধ করবে।
আদর্শ প্রাণিসেবা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হক বলেন, প্রাণিসেবা ভেট-এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো - প্রাণিস্বাস্থ্য সেবায় সহজ প্রবেশাধিকার, মেডিসিনের ব্যবহার শতভাগ ভেট নির্ভর, এন্টিবায়োটিকের অপ্রয়োজনীয় অপব্যবহার রোধ ও নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ ও গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের মিশন এবং ভিশন বাস্তবায়নে একসাথে কাজ করা।
