আবারও ড্র রোনালদোহীন জুভেন্তাসের

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:২৮

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো করোনা ভাইরাস পজিটিভ হয়ে আছেন ব্যক্তিগত নির্বাসনে। তার অনুপস্থিতিতে দল জুভেন্তাসও যেন পথহারা। ক্রোতোনের পর এবার হেলাস ভেরোনার বিপক্ষেও ১-১ ড্রয়ে বাধ্য হয়েছে সিরিআ’র টানা নয়বারের চ্যাম্পিয়নরা।

রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৬০ মিনিটে আন্দ্রেয়া ফাভিলির গোলে পিছিয়ে পড়ে জুভেন্তাস। এরপর ৭৭ মিনিটে তরুণ দেয়ান কুলুসেভস্কির লক্ষ্যভেদে এক পয়েন্ট উদ্ধার হয় কোচ আন্দ্রে পিরলোর শিষ্যদের।

এর আগে ক্রোতোনের বিপক্ষেও ড্র করা জুভেন্তাসের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন কোচ পিরলো। বললেন, ‘প্রথমার্ধে আমরা অনেকটাই রয়েসয়ে খেলেছি। মাঝমাঠে মোটেও আগ্রাসী ছিলাম না, যদিও সেরা সুযোগগুলো আমরাই পেয়েছিলাম। গোল হজমের পর প্রতিক্রিয়াটা ভালো ছিল কিন্তু জেগে ওঠার জন্য আমাদের ধাক্কার প্রয়োজন হওয়াটা অনুচিত।’

দিনচারেক পরেই বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আতিথ্য দেবে জুভেন্তাস। তার আগে কোচ পিরলোর ভাষ্য, ‘চ্যাম্পিয়ন্স লিগে দর্শক নিয়ে খেলাটা একটা ব্যাপার যা আপনার মনোযোগের মাত্রাটাকে বাড়িয়ে দেয়। কিন্তু আজ অনেক বেশি নীরব এক পরিবেশ ছিল কিন্তু এখানে আপনার আরো বেশি মনোযোগী হওয়া উচিত। এসব জিনিসও আপনাকে ম্যাচ জিততে সাহায্য করে।’