বহির্বিভাগে চিকিত্সক সংকট দুর্ভোগে রোগীরা

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:৩০

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের বহির্বিভাগে (আউট ডোরে) মাত্র একজন চিকিত্সক দিয়ে চিকিত্সাসেবা চলছে। বহির্বিভাগের ৯টি মেডিক্যাল অফিসার পদের চারটি পদ শূন্য এবং চার জন ছুটিতে থাকায় চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে। বহির্বিভাগে চিকিত্সা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করে চিকিত্সাসেবা না পেয়ে চলে যেতে বাধ্য হচ্ছে। রবিবার সিরাজগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, মাত্র একজন চিকিত্সক ডা. তৌহিদুল  ইসলাম ২০৪ নম্বর রুমে চিকিত্সাসেবা দিচ্ছেন। অন্য কয়েকটি রুমই তালাবদ্ধ। একজন ডাক্তারের রুমে ঢুকে ৪০/৪৫ জন রোগী ভিড় করে সেবা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছেন। করোনাকালীন কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। কর্তব্যরত চিকিত্সক জানান, তিনি একাই দুপুর পর্যন্ত  প্রায় ৪০০ রোগী দেখছেন এবং ব্যবস্থাপত্র দিয়েছেন। বহির্বিভাগে আরো ২০০ রোগী টিকিট কেটে ঘোরাঘুরি করছেন। রোগীর চাপ বেশি থাকায় বহির্বিভাগে একজন চিকিত্সকের পক্ষে উপযুক্ত চিকিত্সা দেওয়া সম্ভব হচ্ছে না। শহরের মালশাপাড়া থেকে আসা রোগী আমেনা বেগম বলেন, অনেকক্ষণ ধরে ডাক্তারের জন্য অপেক্ষায় আছি। মাত্র একজন ডাক্তার আছেন। এত রোগীর ভিড়ে এখনো সিরিয়াল পাইনি। বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শাহজাহান আলীর দৃষ্টিতে আনলে তিনি জানান, বহির্বিভাগে ৯টি পদের মধ্যে চারটি পদই শূন্য রয়েছে দীর্ঘদিন যাবত্। বাকি পাঁচটি পদের তিন জন হিন্দু চিকিত্সক পূজার ছুটিতে এবং এক জন অপারেশন থিয়েটারে জরুরি চিকিত্সা দিচ্ছেন। ফলে বহির্বিভাগে চিকিত্সা সংকট চলছে। সমস্যা সমাধানে চিকিত্সক পোস্টিং দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী চিকিত্সক নিয়োগ না দেওয়ায় বহির্বিভাগে রোগীদের সঠিকভাবে চিকিত্সা দেওয়া সম্ভব হচ্ছে না।