চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফের বিরুদ্ধে চাল ব্যবসায়ীদের মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে চাটমোহর পুরাতন বাজার এলাকায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, চাটমোহর পুরাতন বাজারের চাল ব্যবসায়ী মিন্টু কুণ্ডু ও পিন্টু কুণ্ডুর ক্রয়কৃত চাল নাটোরের বনপাড়া মোকাম থেকে ট্রলিযোগে চাটমোহরে আনার পর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে নামানো হচ্ছিল। এ সময় ট্রলির হ্যান্ডেলের সঙ্গে পান-সিগারেটের দোকানি ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শরীফুল ইসলামের গায়ে ধাক্কা লাগে। এতে শরীফ ক্ষিপ্ত হয়ে ট্রলি চালক তুহিনকে মারপিট করে। চাল ব্যবসায়ী মিন্টু কুণ্ডু ও পিন্টু কুণ্ডু বাধা দিতে গেলে তাদেরও মারপিট করা হয়। বাধা দিতে আসলে অপর ব্যবসায়ী পীযুষ দত্তকেও লাঞ্ছিত করা হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাজটি মোটেও ঠিক হয়নি। আমি ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। সমাধানের চেষ্টা চলছে।
চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগ সাধারণ ডায়েরিভুক্ত করে আদালতে প্রসিকিউশনে পাঠানো হয়েছে। অভিযুক্ত শরিফুল ইসলামকে আটকের চেষ্টা চলছে।
