পল্টনে যাত্রী ছাউনি দখল করে কাপড়ের দোকান

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:৪৯

পথচারী ও যাত্রীদের সাময়িক বিরতি ও অপেক্ষা করার জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছিল ছাত্রী ছাউনি। অথচ সেই যাত্রী ছাউনিও বাদ যায়নি হকারদের দখল থেকে। ফুটপাত ছাড়াও যাত্রী ছাউনি দখল করে সেখানে বসানো হয়েছে কাপড়ের দোকান। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের পাশে দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রী ছাউনি দখল করে বসানো হয়েছে এসব দোকান। যার কারণে ভোগান্তিতে রয়েছে পথচারী ও যাত্রীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো ফুটপাত দখল করে রেখেছে হকাররা। ফুটপাতের পাশে যে যাত্রী ছাউনি রয়েছে সেখানে বসানো হয়েছে সাত-আটটি কাপড়ের দোকান। এ কারণে এটি যে যাত্রী ছাউনি ছিল তা বোঝারও উপায় নেই। সম্প্রতি কাপড়ের দোকানের সামনে যেতেই ক্রেতা হিসেবে মালামাল দেখানো শুরু করে ছাউনি দখল করা এক কাপড়ের দোকানদার। ছাউনি দখল করে দোকান কেন দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখানে এমনি এমনি বসিনি। টাকা দিয়েই দোকানদারি করি। টাকা কাকে দেয় জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেক দোকান নিয়েই আমাদের সমিতি আছে। সমিতির মাধ্যমেই আমরা দোকান করি।

সাইফুল ইসলাম নামে এক পথচারী বলেন, যাত্রী ছাউনিতে কেউ বসতে পারছে না। এটা দুঃখজনক। বৃষ্টির সময় বেকায়দায় পড়তে হয়। দোকানের কারণে ভিড় থাকায় হাঁটতেও সমস্যা হয়। আরেক পথচারী আব্দুর রহমান বলেন, ফুটপাত তো দখল করে আছেই। একটা যাত্রী ছাউনি ছিলো তাও বাদ যায়নি। জনগণের ভোগান্তির কথা কে চিন্তা করে। বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম বলেন, যাত্রী ছাউনি সচল না থাকায় সেখানে হকাররা বসেছে। সিটি করপোরেশন থেকে কোন নির্দেশনা থাকলে  তারা সেটি ছেড়ে দিবে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন ইত্তেফাককে বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমরা এখানে অতিশিগিগরই অভিযান চালিয়ে উচ্ছেদ করব।