চট্টগ্রাম অফিস
মহাদশমীতে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে গতকাল সোমবার শেষ হয়েছে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উত্সব দুর্গাপূজা। সকাল থেকে বিভিন্ন পূজামণ্ডপে বেজে উঠে বিদায়ের সুর। স্বাস্থ্যবিধি মেনে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত, নেভাল-২, অভয়মিত্র ঘাট ও কালুরঘাট সেতু এলাকায় কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দুপুরের পর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন, সন্ধ্যা পর্যন্ত চলে।
সকাল ১১টা থেকে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে বিসর্জনের জন্য ট্রাকে করে প্রতিমা নিয়ে ঢাকঢোল বাজিয়ে নিয়ে যাওয়া হয় প্রতিমা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিমা বিসর্জন। শঙ্খ উলুধ্বনির পাশাপাশি ঢাকঢোল বাজিয়ে প্রতিমা বিজর্সনের জন্য নিয়ে যাওয়া হয়। করোনার কারণে শোভাযাত্রা নিষেধ থাকলেও অনেক ক্ষেত্রে মানা হয়নি। চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে পতেঙ্গা সমুদ্রসৈকতে। প্রতিমা বিসর্জন দেখতে হাজারো নারী-পুরুষের মিলনমেলায় পরিণত হয়। প্রতিমা বিসর্জনের স্থান ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা যায়।
চট্টগ্রাম মহানগরীতে ১৬টি থানায় ২৭৩টি পূজামণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
