চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
ইয়াবা ব্যবসায়ী, অস্ত্র মামলা ও একাধিক ধর্ষণ মামলার আসামি যুবলীগ নেতা মুজিবুর রহমান শরিফের সর্বোচ্চ শাস্তি এবং তার আশ্রয়-প্রশ্রয় দাতাদের আইনের আওতায় আনার দাবিতে গত রবিবার চাটখিলে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে চাটখিল পৌর শহরে চাটখিলবাসীর পক্ষ থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। বিকালে উপজেলার ইয়াছিন হাজির বাজারে ৭ নম্বর হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়।
সকালে পৌর শহরের মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজিব হোসেন রাজু, যুবলীগ নেতা এস এম ফারুক, ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নুর উদ্দিন উজ্জল, যুবলীগ নেতা সাঈদ মোহাম্মদ তুষার, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি যুবরাজ প্রমুখ। বিকালে ইয়াছিন হাজির বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, আব্দুল্লাহ মাষ্টার, দেলোয়ার হোসেন ভুঁইয়া ও ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন বাদল।
