বগুড়া শহরের একটি মন্দিরের চত্বরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের সাবগ্রামহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সম্রাট দাস (২৬) সাবগ্রাম বন্দর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বাবার নাম কালীপদ দাস। সম্রাট দাস ২০১৫ সালের যুবলীগ নেতা মনিরুজ্জামান মানিক হত্যা মামলার প্রধান আসামি। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে দুর্গাপূজা দেখতে আসা সম্রাটকে হত্যা করেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। বগুড়া শহরের নারুলী ফাঁড়ির পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম বলেন, হামলাকারীদের পরিচয় জানা যায়নি। তবে হামলায় নিহত সম্রাটের বিরুদ্ধে যুবলীগ নেতা মানিক হত্যাসহ তিন থেকে চারটি মামলা রয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, নিহত সম্রাট সাবগ্রাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী জুয়েল দাস ওরফে হাঁড়ি জুয়েলের ভাই। জুয়েল কিছুদিন আগে অস্ত্রসহ ধরা পড়ার পর কারাগারে রয়েছে। ভাইয়ের অবর্তমানে সাবগ্রাম এলাকা নিয়ন্ত্রণ করত সম্রাট। এলাকার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষ আরেকটি গ্রুপের সঙ্গে তার বিরোধ চলছিল। বগুড়া সদর থানার ওসি হমায়ুন কবির জানান, সম্রাট হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
