ইব্রা জাদু চলছে মিলানে

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২০:৩৫

স্পোর্টস ডেস্ক

জ্লাটান ইব্রাহিমোভিচ যেন ইদানিং সিরি’আতে মাঠে নামছেন জোড়া গোলের জন্যেই! মিলান ডার্বিতে জোড়া গোলের পর রোমার বিপক্ষেও লক্ষ্যভেদ করেছেন দুই বার। তবে এরপরও রোমার সঙ্গে ৩-৩ ড্র করে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট খুইয়েছে মিলান।

গত সোমবার রাতে নিজেদের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটে ইব্রার গোলে মিলান এগিয়ে গেলেও ১৪ মিনিটে এডেন জেকোর গোলে সমতা ফেরায় রোমা। এরপর ৪৭ আর ৭৯ মিনিটে অ্যালেক্সিস স্যালেমেকারস আর ইব্রার দ্বিতীয় গোলের পরেও রোমা সমতা ফেরায় একইভাবে। ফলে ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচ।

বয়স ৩৯ ছুঁয়ে গেলেও ইব্রা খেলছেন কুঁড়ি পেরোনো তরুণের মতোই। তবুও কোচ স্তেফান পিওলি জানালেন, রয়ে সয়েই ব্যবহার করতে হবে সুইডিশ এই স্ট্রাইকারকে। বললেন, ‘মৌসুমের শুরুতেই এতোগুলো গোল করাটা সহজ কাজ নয়। তার শারীরিক অবস্থা দিয়ে সে আমাকে চমকে দিয়েছে, যদিও এটা সম্ভব হচ্ছে বিশেষ প্রস্তুতির কারণেই। তবে তার নিজেকে আরো রয়ে সয়ে ব্যবহার করতে হবে।’