দর্শক থাকবে বক্সিং ডে টেস্টে

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২০:৩৫

ভারতের বিপক্ষে সর্বশেষ মেলবোর্ন টেস্টের অভিজ্ঞতা অবশ্য অস্ট্রেলিয়ার ভালো না। ভারত তাদের সর্বশেষ সফরে এখানে ইনিংস ব্যবধানে জিতেছিল। তাই বলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টের রং তো কমার নয়। কিন্তু করোনা মহামারির কারণে এ টেস্টটাও দর্শকহীন হবে বলেই মনে হচ্ছিল। তবে সুখবর দিয়েছেন ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রু। তিনি বলেছেন, বক্সিং ডে টেস্টে এমসিজিতে দর্শক থাকবে। সম্প্রতি ভিক্টোরিয়ায় করোনা মহামারি নিয়ন্ত্রণে চলে এসেছে। এখানে অনেক নিষেধাজ্ঞাই তুলে নেওয়া হয়েছে। এ ধারাবাহিকতায় মাঠে দর্শক আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘বক্সিং ডে টেস্ট একটা বিশেষ ব্যাপার। আমি জানি না, কত দর্শক অনুমতি দেওয়া যাবে। তবে এটা নিশ্চিত যে, মাঠে দর্শক থাকবে।’