বাসের গোপন কুঠরিতে মিলল বনের কাঠ

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:৩০

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ৬৫ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার রাত সাড়ে ১০টায় মিরসরাই পৌরসদরের সেবা হাসপাতালের সামনে ঢাকামুখী তোফা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী গাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গামার ও আকাশ মনি গাছের কাঠগুলো বাসের নিচে বিশেষভাবে তৈরি গোপন কুঠরিতে লুকানো অবস্থায় ছিল। বনবিভাগের ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, উদ্ধারকৃত কাঠগুলোর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।