যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টে নিয়োগ পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত বিচারপতি অ্যামি কোনে ব্যারেট। সোমবার সিনেট কর্তৃক নিয়োগ পাওয়ার পরই হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তিনি। এই সময় প্রেসিডেন্ট ট্রাম্পও উপস্থিত ছিলেন। খবর বিবিসির
৫২-৪৮ ভোটে রিপাবলিকানরা নতুন বিচারপতি ব্যারেটের নিয়োগ নিশ্চিত করেন। হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে বিচারক হিসেবে অ্যামি কোনে ব্যারেট তার শপথ নেন। পেনসিলভেনিয়ায় নির্বাচনি প্রচারণা থেকে ফিরেই বিচারক ব্যারেটের শপথ অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প। দক্ষিণ লনে আয়োজিত হয় এই শপথ অনুষ্ঠান। এই নিয়োগ সামনের দিনগুলোতে মার্কিন সুপ্রিম কোর্টে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে। তার এই নিয়োগের বিপক্ষে ভোট দেওয়া একমাত্র রিপাবলিকান হচ্ছেন সিনেটর সুশান কলিন্স। মেইনের পুনর্নির্বাচনে তিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনয়ন দেওয়া সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতি ব্যারেট। এর আগে ২০১৭ সালে নেই গোরসাচ এবং ২০১৮ সালে ব্রেট কাভানাকে মনোনয়ন দেন তিনি। গত মাসে ফেডারেল আপিল বিভাগের বিচারক রুথ ব্যাডার গিন্সবার্গ মারা যান। এতে বিচারপতিদের একটি পদ শূন্য হয়। ডেমোক্র্যাটরা দাবি করেন, ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে যারা জিতবেন তারাই বাছাই করবেন নতুন বিচারক। সিনেটের ভোটাভুটির আগে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বলেন তারা লড়াই থামাবেন না। কিন্তু তাদের কাছে এই নতুন বিচারক নিয়োগ থামানোর কোনো উপায় ছিল না।
সামনে কী নিয়ে কাজ করবেন ব্যারেট
বেশ কয়েকটি ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বিচারপতি ব্যারেট। এর মধ্যে অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্ট যা ওবামার আমলের একটি স্বাস্থ্যসেবা সম্পর্কিত আইন। এটি ওবামাকেয়ার নামেও পরিচিত। এছাড়া ১৯৭৩ সালে পুরো আমেরিকায় গর্ভপাত সম্পর্কিত যে আইন পাশ হয়েছিল সেটাও বাতিল হতে পারে এই বিচারপতির আমলে। বিচারপতি ব্যারেটের আগের নানা লেখালেখি থেকে এই আশঙ্কা ব্যক্ত করেছেন লিবারেলরা। নর্থ ক্যারোলিনা ও পেনসিলভেনিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট ভরার সময়সীমা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে এই নতুন বিচারপতিকে। এর আগে সুপ্রিম কোর্ট উইসকনসিন রাজ্যে নির্দিষ্ট সময়সীমার পরে ভোটগ্রহণ বাতিল করেছে। এই রাজ্যও হোয়াইট হাউজে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে।
