ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার পুনর্বিচার হবে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির রায় ঘোষণা না করে পুনরায় অভিযোগ গঠনের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম এ দিন নির্ধারণ করে দেন।
এ প্রসঙ্গে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার বলেন, ২০১৬ সালের ২০ জুলাই এ মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। কিন্তু আদালতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারা ছাড়াও ১২০ (বি) ধারায় চার্জশিট দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ গঠনের সময় এক আসামির ক্ষেত্রে ১২০(বি) ধারাটি ভুলক্রমে বাদ পড়ে যায়। তাই ঐ ধারা সংযুক্ত করে আসামিদের বিরুদ্ধে পুনরায় চার্জ গঠনের জন্য আবেদন করা হয়েছে। তিনি বলেন, এই ধারাটি বাদ দিয়ে অভিযোগ গঠন এবং তার পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা হলে তা হতো ত্রুটিযুক্ত। এ কারণে মামলায় পুনরায় অভিযোগ গঠনের জন্য আবেদন করা হয়।
গত ৪ অক্টোবর ব্লগার বাবু হত্যা মামলায় যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করে দেয়। কিন্তু কয়েকটি আইনি ত্রুটি ও জটিলতার কারণ দেখিয়ে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন করে সব সাক্ষীর সাক্ষ্য আবার নিতে আদালতে ফৌজদারি কার্যবিধির ২২৭ ধারায় আবেদন করে। সেই আবেদন গ্রহণ করে আদালত নতুন করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করে দেন। ২২৭ ধারায় বলা হয়েছে, রায় প্রকাশ করার আগে যে কোনো পর্যায়ে আদালত অভিযোগ পরিবর্তন করতে পারে। দণ্ডবিধি আইনের ১২০(বি) ধারায় বলা হয়েছে অপরাধজনক ষড়যন্ত্রের কথা।
২০১৫ সালের ৩০ মার্চ তেজগাঁওয়ের বেগুনবাড়ীর দিপীকা মোড়ে ওয়াশিকুরকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর পালানোর সময় এলাকাবাসী দুই জনকে আটক করে। এ ঘটনায় ওয়াশিকুরের ভগ্নীপতি মনির হোসেন মাসুদ বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যা মামলা দায়ের করেন।
