জেলার বেগমগঞ্জ থানার পুলিশ সোমবার রাতভর পৃথক অভিযান চালিয়ে খুনসহ ছয় মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ছাত্র শিবির ক্যাডার সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেন (২৯) ও আনছার সদস্য হত্যা মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক প্রধান আসামি ছাত্রদল কর্মী হাবিবুর রহমানকে (২১) গ্রেফতার করেছে। একই অভিযানে অন্য একটি মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বারেক (৩২) এবং সোনাইমড়ী থানার ফারুক হোসেন হত্যা মামলার আসামি মো. রাজুকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় সাদ্দামের কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও তিনটি কার্তুজ এবং হাবিবুর রহমানের কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতার সাদ্দাম হোসেন উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের সায়েদুল হকের ছেলে। হাবিবুর রহমান একই এলাকার তুলাচারা গ্রামের আব্দুল মালেকের ছেলে। বারেক আমান উল্যাপুর গ্রামের আবদুল মতিনের ছেলে ও রাজু বেগমগঞ্জ থানার রাজ্জাকপুর গ্রামের সামছুর হকের ছেলে। মঙ্গলবার বিকালে তাদের জেলার আদালতে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, খুন, ধর্ষণ, অপহরণ ও অস্ত্রসহ ছয় মামলার আসামি শিবির ক্যাডার সাদ্দাম ও হত্যা মামলার আসমি হাবিবুর রহমানকে ওই রাতে গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাদের তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্রও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গত জাতীয় সংসদ নির্বাচনের দিন তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত আনসার সদস্য মো. নূর নবী হেঞ্জু (৪৫) নিহত হন। হাবিবুর রহমান এ হত্যা মামলার প্রধান আসামি।
অন্যদিকে বেগমগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, গ্রেফতার সাদ্দাম ও হাবিবুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র মামলায় সাদ্দাম ও হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হলে আদালত আজ বুধবার শুনানির দিন ধার্য করেছেন।
ইত্তেফাক/এসি
