রাজধানীর মতিঝিল থানার নাশকতার এক মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ মার্চ দিন ধার্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
২০১২ সালের নভেম্বরে রাজধানীর মতিঝিল এলাকায় সরকারবিরোধী মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ ও বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২০১৪ সালের ৩০ এপ্রিল পুলিশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১৮৬ বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
