স্পোর্টস রিপোর্টার
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই চিরকাল হয়ে এসেছে ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট। এবার সেটা নিয়ে সংশয় ছিল। কারণ সারা পৃথিবীর মতো ভিক্টোরিয়া প্রদেশও আক্রান্ত ছিল করোনা মহামারিতে। তবে প্রদেশটি ধকল সামলে উঠেছে। শেষ হয়েছে তাদের ১১২ দিনের লকডাউন। ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, মাঠে দর্শক নিয়েই মেলবোর্নে বক্সিং ডে টেস্ট হবে। সেই অনুযায়ীই গতকাল ভারত সফরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সূচি অনুযায়ী ২৭ ও ২৯ নভেম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে প্রথম দুটি ওয়ানডে। এরপর ২ ডিসেম্বর ক্যানবেরার মানুকা ওভালে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ৪ ডিসেম্বর একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ৬ ও ৮ ডিসেম্বর আবার সিডনিতে শেষ দুটি টি-টোয়েন্টি খেলা হবে।
টেস্টের শুরু হবে দিবা-রাত্রির ম্যাচ দিয়ে। এডিলেড ওভালে ১৭ থেকে ২১ ডিসেম্বর এই পিংক বল টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর বক্সিং ডে টেস্টের সূচি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ২৬ থেকে ৩০ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট হবে। আর ৭ জানুয়ারি থেকে সিডনি টেস্ট ও ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে শেষ টেস্ট শুরু হবে।
