মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু (৫৭) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল হাসপাতালে তিনি মারা যান। মরহুমের নামাজে জানাজা গতকাল বুধবার বাদ আসর মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ পুরান মধুখালী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুর হোসেন বুলবুল, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মির্জা বাচ্চুর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
