শুরু হলো মাসব্যাপী তাঁতপণ্যের অনলাইন প্রদর্শনী

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

মাসব্যাপী তাঁতপণ্যের প্রদর্শনী শুরু হয়েছে গতকাল থেকে। গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। অনলাইনে আয়োজন হওয়া এবারের মেলার স্লোগান হচ্ছে ‘আমার পণ্য আমার দেশ, ডিজিটাল বাংলাদেশ’। https://www.facebook.com/heritagehandloombangladesh এই লিংকে মেলায় অংশগ্রহণ করা যাবে। এসএমই ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশ (এএফডিবি) টানা তৃতীয়বারের মতো আয়োজন করেছে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল নামে এ মেলার। প্রদর্শনীতে বয়নশিল্প প্রদর্শন, লাইভ ফ্যাশন শোর পাশাপাশি ৭০টিরও বেশি অনলাইন স্টলে ক্রেতা-দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হবে শাড়ি-লুঙ্গি-গামছা, খাদি, নকশিকাঁথা, বেনারসি শাড়ি, টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, মনিপুরী কাপড়, রাঙ্গামাটির চাকমাসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাপড় ও হস্তশিল্প পণ্য। থাকবে খাতভিত্তিক পণ্যের ইতিহাস নিয়ে তথ্যচিত্র, পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা প্রদান, অনলাইন সেমিনারসহ নানা আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিল্প সচিব কে এম আলী আজম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং এএফডিবির সভাপতি মানতাশা আহমেদ। এতে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।