ন্যাশনাল ডিফেন্স কলেজে বঙ্গবন্ধু কর্নার

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২২:১৭

বিশেষ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়। কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন, এনডিসিই-জার্নালের প্রথম সংখ্যার ওয়েবসাইট এবং একটি বিশেষ এনডিসি জার্নাল উন্মুক্ত করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজ লাইব্রেরিতে পৃথক একটি সেকশনে বঙ্গবন্ধুর ছবি, পোস্টার, বই, সিডি প্রভৃতির সমন্বয়ে বঙ্গবন্ধু কর্নারটি সাজানো হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ উদ্বোধনী বক্তব্যে বলেন, ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন শুরু হয়েছে। শুধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাই নয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা ও উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়। বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজে বঙ্গবন্ধু কর্নার স্থাপন এবং বিশেষ এনডিসি জার্নাল প্রকাশ করা হয়েছে, যা ভবিষ্যত্ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ তুলে ধরতে সক্ষম হবে। এ সময় কলেজের সব ফ্যাকাল্টির স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।