টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
রাজধানীর প্রবেশদ্বার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ও টঙ্গী বাজারে পাশাপাশি দুটি সেতু প্রায় কয়েক যুগ ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চারটি পিলারে ফাটল, মধ্যখানে একটি পিলারের নিচে মাটি নেই। অন্য দিকে লোহার রেলিং চুরি হয়ে যাওয়ায় বাঁশ-কাঠ দিয়ে তা মেরামত করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সেতু নির্মাণের সময় লোহার খুঁটি দিয়ে ডিভাইডার করা হয়েছিল বর্তমানে তা চুরি হওয়ার পর বাঁশ-কাঠ দিয়ে মেরামত করা হয়েছে। সেতু দুটির ওপরের সড়কে বিভিন্ন স্থানে খানা-খন্দ হওয়ায় সেই স্থানে লোহার পাত বসিয়ে পরিবহন চলাচল সচল রাখা হয়েছে। তাছাড়া নিচের পিলারগুলোর অধিকাংশই ভেঙে গেছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আর তাতে বন্ধ হয়ে যেতে পারে, ঢাকা-সিলেট, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। টঙ্গী বাজারের একাধিক ব্যবসায়ী জানান, ‘আমাদের ভোগান্তির শেষ নেই। এক দিকে সড়কের বেহালদশা অন্য দিকে দুই সেতুই ঝুঁকিপূর্ণ। গুরুত্বপূর্ণ এ মহাসড়কের এমন বেহালদশা কিছুতেই মেনে নেওয়া যায় না। প্রতিদিনই আমাদের মাল বোঝাই পরিবহন বাজারে আসলে আতঙ্কে থাকি।’
সেতু সংস্কারের ব্যাপারে টঙ্গী সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগের প্রকৌশলী দেবাশীষ সাহার কাছে জানতে চাইলে তিনি এ নিয়ে কথা বলতে রাজি হননি।
