আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ঢুকলেই চোখে পড়ে আকর্ষণীয় বিশ্রামাগার। এটি সেবা প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ও গণশুনানি কেন্দ্র। সহকারী কমিশনার ভূমি মো. উজ্জল হোসেনের একান্ত চেষ্টায় পালটে গেছে ভূমি অফিসের দৃশ্যপট।
মো. উজ্জল হোসেন জানান, যোগদানের পরই দীর্ঘদিনের জট লেগে থাকা বিবিধ মামলাগুলো নিষ্পত্তিতে মনোনিবেশ করেন। তাছাড়াও তথ্য প্রযুক্তির ব্যবহার, ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং জমি নিয়ে নিরীহ লোকদের হয়রানি বন্ধ করারও উদ্যোগ নেন। প্রেরণা পেয়েছেন উপজেলার নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেনের কাজ থেকে। তিনি যোগদানের পর থেকে একের পর এক উদ্ভাবনী উদ্যোগে উপজেলা ভূমি অফিসের চেহারা বদলে দিয়েছেন। তিনি এসে দেখেন তার কার্যালয়ে দালালদের দৌড়ঝাঁপ। কাজের জন্য কেউ এলেই তাদের খপ্পরে পড়তেন সেবা প্রত্যাশীরা। তাই দালালদের খপ্পর থেকে তাদের রক্ষায় মাঠে নামেন তিনি। একই সঙ্গে তিনি অফিসের দেওয়ালে নামজারি ও অন্যান্য সেবা সংক্রান্ত যাবতীয় তথ্যসংবলিত ব্যানার টানানোর ব্যবস্থা করেন। ফলে দালালদের তত্পরতা এখন আর নেই। সহজেই ঝক্কিঝামেলা ছাড়াই মিলছে সেবা।
