অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ফের এনবিআরের উদ্যোগ

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২২:৫২

বেশ কিছুদিন ধরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাচ্ছে না। এ ব্যবস্থাটিকে সচল করতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের নিজস্ব জনবল দিয়ে অনলাইন কার্যক্রমকে সচল করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অবু হেনা মো. রহমাতুল মুনিমের নেতৃত্বে গতকাল একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এর অধীনে তিনটি উপ-কমিটি করা হয়েছে। কমিটি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি ও তা বাস্তবায়নের কার্যক্রম তদারক করবে। এনবিআর আশা করছে, শিগিগরই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম সচল করা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত জানুয়ারির পর থেকে অনলাইনে রিটার্ন দাখিল ব্যবস্থা বন্ধ হয়ে যায়। একটি প্রকল্পের আওতায় ঐ কার্যক্রম চলছিল, যা বাস্তবায়ন করছিল ভিয়েতনামের এফপিটি নামে একটি কোম্পানি। কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় গত জানুয়ারিতে। এর পর থেকেই অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রম বন্ধ হয়ে যায়। যদিও কোম্পানিটির কার্যক্রম নিয়ে দীর্ঘদিন থেকেই প্রশ্ন রয়েছে। গত জুনে পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন আইএমইডির এক মূল্যায়নেও এ প্রকল্পটি সফল হয়নি বলে বলা হয়।