বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিদের অর্থদণ্ড স্থগিত করা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সম্প্রতি এই আদেশ দেয়। ঐ তিন আসামি হলেন আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মো. হাসান ও মো. রেজওয়ান আলী খান হূদয় ওরফে টিকটক হূদয়। এদিকে ফাঁসির রায়ের বিরুদ্ধে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণের আবেদন করবেন তার আইনজীবীরা। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদনটি পেশ করা হবে বলে জানিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না।
এদিকে বরগুনার জেলা ও দায়রা জজ আদালত থেকে রিফাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ইতিমধ্যে হাইকোর্টে এসে পৌঁছেছে। ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় রয়েছে। তবে ডেথ রেফারেন্সের পেপারবুক অগ্রাধিকারের ভিত্তিতে প্রস্তুত করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, পেপারবুক প্রস্তুত হলেই রিফাত হত্যা মামলার আপিল দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ পদক্ষেপ নেবে।
রিফাত শরীফ হত্যা মামলায় রিফাত ফরাজী, মিন্নিসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেয় বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত। ফাঁসির রায়ের অনুলিপি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন ছয় আসামি। ইতিমধ্যে তিন আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট।
