ভারতের মন্ত্রী স্মৃতি ইরানি করোনায় আক্রান্ত

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০০:৩২

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন টেক্সটাইল, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি। তার কোভিড পজিটিভ ধরা পড়েছে। গতকাল বুধবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন স্মৃতি। তিনি জানান, যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব কোভিড পরীক্ষা করিয়ে নিন। গত শনিবার বিহারের নির্বাচনি প্রচারে গিয়েছিলেন স্মৃতি। এর আগেও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ি ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারা সকলেই সুস্থ হয়ে উঠেছেন। তবে গত সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদির। শুধু কেন্দ্রীয় মন্ত্রীরাই নন, গত কয়েক মাসে কোভিডে আক্রান্ত হয়েছেন শীর্ষস্তরের বহু রাজনৈতিক নেতাও। গতকাল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ লাখের কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন সাড়ে ৪৩ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫০৮ জনের। —টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা