হবিগঞ্জে বিনামূল্যে বিতরণের ৪ হাজার বইসহ আটক ২

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৩

বিনামূল্যে বিতরণের জন্য সরকারি ৪ হাজার বই হবিগঞ্জের একটি ভাঙ্গারি দোকান থেকে জব্দ করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তা জব্দ করা হয়। এ সময় দোকানের দুই কর্মচারীকে আটক করা হলেও মালিক পালিয়ে যায়।

৪ হাজার বইসহ আটক দুইজন। ছবিঃ ইত্তেফাক।

পুলিশ জানায়, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বই কিছু লোক বাস টার্মিনাল এলাকার একটি ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেয়। গোপন সূত্রে খবর পেয়ে কোর্টস্টেশন ফাঁড়ির পুলিশ ওই ভাঙ্গারি দোকানে অভিযান চালায়। খবর পেয়ে দোকানের মালিক লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের সফর উদ্দিন ওরফে মনাই মিয়া পালিয়ে যায়। অভিযানকালে দোকানে তল্লাশি চালিয়ে ৪ হাজার বই জব্দ করা হয়েছে। এ সময় দোকানের কর্মচারী লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের রাসেল মিয়া ও হাসেম মিয়াকে আটক করা হয়।

আরও পড়ুনঃ ছাত্রলীগ কর্মীকে মারধরের জেরে কুবির ৫ শিক্ষার্থীকে মারধর

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বইগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে এ ব্যাপারে কিছু এখনও জানা যায়নি।’


ইত্তেফাক/নূহু