কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি মসজিদের পুকুরে দুই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারনা তারা খেলতে গিয়ে সলিলসমাধি হয়েছে।
মৃত শিশুরা হলো,উত্তর সিকদারপাড়া গ্রামের আলি আজগরের মেয়ে সালমা (৫) ও একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে মাহিয়া (৬)।
বুধবার বিকেলে মাতারবাড়ী ইউনিয়নের উত্তর সিকদার পাড়া গ্রামের এ ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুল হক এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
মাতারবাড়ি কেজি অ্যান্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী জানান,উত্তর সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল সালমা ও মাহিয়া। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে পার্শ্ববর্তী মাইন্নাবর মসজিদের পুকুরে পড়ে যায় সালমা। এটি দেখে তাকে উদ্ধার করতে পুকুরে নেমে পড়ে মাহিয়া। সালমাকে উদ্ধারের পরিবর্তে মাহিয়াও পানিতে ডুবে যায় বলে তাদের ধারনা।
এদিকে মাগরিবের আগে মেয়ে বাড়িতে না যাওয়ায় মাহিয়ার মা মেয়েকে খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দু'শিশুকে দেখতে পান। এমন সময় তার চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এসে শিশুদুটির লাশ উদ্ধার করে। একসাথে দুই শিশু কন্যার মৃত্যুতে তাদের মা-বাবার আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।
ইত্তেফাক/এমআরএম
