সিনেমা হল খোলা নিয়ে অপেক্ষায় ছিল সবাই। করোনার কারণে যেমন আটকে গেছে শুটিং ও নতুন সিনেমা মুক্তি। অন্যদিকে হল মালিকদের ব্যবসার ইতি টানার মত অবস্থাও। বন্ধ হয়েছে অনেক হলও। স্টার সিনেপ্লেক্সের মত ব্যবসা সফল সিনেমা হল থেকে বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তি দেয়।
তাই ব্যবসার অবস্থা ফেরাতে সবার প্রত্যাশা কবে নাগাদ খোলা হবে হল। অবশেষে ১৬ অক্টোবর সারাদেশে হল খোলার অনুমতি দেওয়া হলো সরকার থেকে। কিন্তু সেইদিন খুলেনি রাজধানীসহ সারাদেশের অনেক সিনেমা হল। হল মালিকদের কথা হল খুললেন মুক্তি নেই নতুন সিনেমার। এই সংকটের মধ্যে পুরনো সিনেমা দিয়েই চলছে অনেক হল। হল মালিকদের আহ্বান নতুন সিনেমা মুক্তি দেওয়া হোক। জানা যায়, প্রায় ২২টি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এরমধ্যে ‘ঊনপঞ্চাস বাতাস’ সিনেমাটি মুক্তিদেওয়া হয় গত সপ্তাহে। করোনার মধ্যে সিনেমা হলে দর্শক কেমন হবে এই আশঙ্কা থাকলে সিনেমাটির দর্শক নিয়ে সন্তুষ্ট হল কর্তৃপক্ষ। স্টার সিনেপ্লেক্স থেকে জানানো হয়, প্রত্যাশার চাইতে বেশি দর্শকদের সমাগম ছিল। কিন্তু এই এক সিনেমার পরই আবার ভাটা নতুন সিনেমার। চলতি সপ্তাহে নেই কোনো নতুন সিনেমা। এমনকি জানা যায়, আগামী এক মাস কোনো নতুন সিনেমার মুক্তি নেই।
প্রযোজকরা জানায়, করোনার এই সময়ে হলে দর্শকদের আগ্রহ কম থাকবে। ব্যবসায়িক জায়গা বিবেচনা করলে এখন নতুন সিনেমা মুক্তি দেওয়াটা লাভজনক হবে না। শাকিব খানও তার পুরনো সিনেমা মুক্তি দিলেও নতুন সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই তার। তাহলে সিনেমার এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর উপায় কী?
এই প্রশ্নে উত্তর হিসেবে সবাই করোনার অবস্থাকে উল্লেখ করলেও দেশের সিনেমার এই বেগতিক অবস্থা থেকে কীভাবে মুক্তি মিলবে তা নিয়ে ভ্রুক্ষেপ নেই কারো। তাই সিনেমার এই ব্যবসার ভবিষ্যত নিয়ে আশঙ্কায় রয়েছেন সংশ্লিষ্টরা।
